‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার পিতলগঞ্জ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শামসুদ্দিন এবং সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক।
পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।