শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

কিশোরগঞ্জে বিএনপির মনোনোয়ন পেলেন যারা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে বিএনপির মনোনোয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। ২০২৪ সালের গণ-আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই নির্বাচনকে সামনে রেখে, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে।

এই ঘোষণায় কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনে ডঃ ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ আসনে মো. ফজলুর রহমান এবং কিশোরগঞ্জ-৬ আসনে মো. শরীফুল আলমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে, কিশোরগঞ্জ-১ এবং কিশোরগঞ্জ-৫ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।

প্রার্থীদের এই তালিকা ঘোষণার মাধ্যমে বিএনপি নির্বাচনী তৎপরতায় আরও এক ধাপ এগিয়ে গেলো। দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এম.এম

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউতের মৃত্যু

মিজানুর রহমান প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউতের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত (৭৭) নিহত হয়েছেন। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ের ডেপুটি কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।

নিহত তুলসী কান্তি রাউত কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ–ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে পৌর এলাকার ঘোষপাড়া কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযুদ্ধে তার অবদান এবং সমাজে তার ভূমিকা এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ফজরের নামাজ পড়িয়ে ফেরার পথে কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
ফজরের নামাজ পড়িয়ে ফেরার পথে কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

কিশোরগঞ্জে ফজরের নামাজ আদায় করিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমাম নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে জেলা জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা।

নিহত মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন ইমাম মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা জজ কোর্টের সামনে নির্মাণাধীন ড্রেনের কাজের জন্য সড়কে ফেলে রাখা বালুর স্তূপে অটোরিকশার চাকা পিছলে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর ইমাম মোস্তাফিজুর রহমান ও অটোরিকশাচালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমাম মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে শুক্রবার বিকাল ৩টায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

৪০০ বছরে প্রথম: গ্রেপ্তার হলেন রাজপরিবারের কোন উচ্চপদস্থ সদস্য

জন্মদিনে গ্রেপ্তারের পর তদন্তাধীন অবস্থায় মুক্তি পেলেন প্রিন্স অ্যান্ড্রু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
জন্মদিনে গ্রেপ্তারের পর তদন্তাধীন অবস্থায় মুক্তি পেলেন প্রিন্স অ্যান্ড্রু

সরকারি দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন–উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় ছেড়ে দিয়েছে পুলিশ। তবে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া হালনাগাদ বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ জানায়, প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে নরফোক এলাকায় পরিচালিত তল্লাশি অভিযানও শেষ হয়েছে বলে জানানো হয়।

এলশাম পুলিশ স্টেশন ত্যাগের সময় একটি গাড়ির পেছনের আসনে হেলান দিয়ে বসা অবস্থায় সাবেক এই রাজপুত্রকে দেখা যায়। সে সময় তিনি কোনো মন্তব্য করেননি।

প্রিন্স অ্যান্ড্রু বরাবরই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন। টেমস ভ্যালি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক তথ্য ও প্রমাণ মূল্যায়নের পর আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০১০ সালে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টিন একটি তরুণীকে অ্যান্ড্রুর কাছে পাঠিয়েছিলেন—এমন একটি পৃথক অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। সংশ্লিষ্ট নারী ব্রিটিশ নাগরিক নন এবং ওই সময় তার বয়স ছিল বিশের কোঠায়।

বিবিসি নিউজের খবরে বলা হয়েছে, গ্রেপ্তারের আগে টেমস ভ্যালি পুলিশ বিষয়টি ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরকে অবহিত করেছিল।

পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে নরফোকের স্যান্ড্রিংহ্যামে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। তবে এটি কোনো সরাসরি যৌন অপরাধের অভিযোগের সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রিন্স অ্যান্ড্রু তার ৬৬তম জন্মদিনেই গ্রেপ্তার হন। ব্রিটিশ ইতিহাসে প্রায় ৪০০ বছরের মধ্যে রাজপরিবারের কোনো উচ্চপদস্থ সদস্যকে গ্রেপ্তারের ঘটনা এটিই প্রথম।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এক বিবৃতিতে বলেন, আইন তার নিজস্ব পথে চলবে এবং পুলিশ তাদের দায়িত্ব পালনে রাজপরিবারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবে।

এর আগে পুলিশ জানিয়েছিল, জেফরি এপস্টিনের সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর সম্পর্ক এবং সম্ভাব্য গোপন তথ্য আদান–প্রদানের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত কিছু নথিতেও অ্যান্ড্রু ও এপস্টিনের মধ্যকার যোগাযোগের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।