রাজধানীতে এনসিপি কার্যালয় ও উপদেষ্টা বাসার সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ততম বাংলামোটর এলাকায় বিস্ফোরণের পর পথচারী এবং বিভিন্ন পরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে সেখানে পুলিশ পাঠানো হয়।
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আজ সোমবার। এ রায়কে কেন্দ্র করে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ। ওই কর্মসূচির প্রেক্ষিতে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।









