মাদকবিরোধী অভিযান নিয়ে নাহিদকে ইশরাকের কড়া জবাব
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করেছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাদকবিরোধী অভিযানে নিজের ভূমিকা নিয়ে নাহিদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, তাঁর নামে ফৌজদারি মামলা করা হলে তিনি নিজেই আত্মসমর্পণ করে জেলে যাবেন।
সোমবার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি মাদকের মহামারি ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিলেন। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি।’
স্ট্যাটাসে নাহিদের বক্তব্যের সমালোচনা করে ইশরাক প্রশ্ন তোলেন, ‘আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসিতে ঝুলাইতি।’
তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’
ইশরাক আরও জানান, নাম প্রকাশ না করে এক তরুণ তাঁকে ফোন করে মাদকের বিরুদ্ধে অভিযানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ওই তরুণ তাঁকে বলেছেন, ‘ভাই এরপর গেলে আমাকে নিয়েন, এই মাদক আমাদের ধ্বংস করে যাচ্ছে।’
এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও হতাশা প্রকাশ করেন ইশরাক। তিনি লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ জিরো।’
মাদক নির্মূলে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তা-ও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সঙ্গে করে নিয়ে যাওয়ার পর। নাহিদকে বলব, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাব। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!!!!’
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘এভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।’
পোস্টের শেষে মাদকবিরোধী পদক্ষেপের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে ইশরাক লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’










Disqus comments are not configured yet.