পাঁচ কোটি টাকার সোনা পাচারের চেষ্টা ব্যর্থ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সোনা ও সোনার পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। রান্নার ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে লুকিয়ে এবং মানবদেহের রেক্টামে বিশেষ কৌশলে ডিম্বাকৃতির সোনার পেস্ট বহন করে আনা হয়েছিল।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গতকাল রোববার (১৮ অক্টোবর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতর থেকে ৪৬৬ গ্রাম ওজনের চারটি খণ্ডিত সোনার বার উদ্ধার করা হয়। ওই যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার বহনের ঘোষণা দিলেও অতিরিক্ত সোনা থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে ঘোষিত স্বর্ণালংকারসহ মোট ৫৬৬ গ্রাম সোনা আটক করা হয়। শুল্ক-করসহ আটক সোনার আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা আগে থেকেই গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থানে ছিলেন। আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৫০ ফ্লাইটে আসা যাত্রী কামরুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও বড় চালান ধরা পড়ে। মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে আসা দুই যাত্রীর রেক্টাম থেকে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির সোনার পেস্টের বস্তু উদ্ধার করা হয়।
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চালানো এ অভিযানে উদ্ধার করা বস্তুগুলোর প্রাথমিক মোট ওজন পাওয়া যায় ২ কেজি ৭৩৪ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।
তবে দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা বস্তুগুলোতে প্রকৃত সোনার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আলামত যথাযথভাবে সংরক্ষণের স্বার্থে বস্তুগুলো অবিকৃত রেখে উপযুক্ত পরীক্ষার পর বিশুদ্ধ সোনার ওজন ও প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্য, নিবিড় নজরদারি ও ঝুঁকিভিত্তিক যাত্রী তল্লাশির মাধ্যমে সোনা চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।










Disqus comments are not configured yet.