কিশোরগঞ্জে সরকারি স্টোরে পরিবার, ভাড়া নেই- বিদ্যুৎ বিলও সরকারি টাকায়
কিশোরগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উকিলপাড়ায় অবস্থিত সরকারি মালামাল সংরক্ষণের একটি স্টোরে গত ছয় বছর ধরে বসবাস করছে পাঁচ সদস্যের একটি পরিবার। অভিযোগ রয়েছে, পরিবারটির কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। এমনকি তাদের ব্যবহৃত বিদ্যুতের বিলও দীর্ঘদিন ধরে পরিশোধ করা হচ্ছে সরকারি তহবিল থেকে। সরকারি স্থাপনা আবাসিক কাজে ব্যবহারের অনুমোদন, বিদ্যুৎ বিল পরিশোধের হিসাব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে এ ঘটনায় প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি অর্থে কেনা যন্ত্রপাতি, আসবাবপত্র, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম সংরক্ষণের জন্য স্টোরটি নির্ধারিত। তবে অভিযোগ রয়েছে, স্টোরের দায়িত্বে থাকা স্টোরকিপার (অতিরিক্ত দায়িত্ব) শাহাদাৎ হোসেনের শ্বশুরবাড়ির আত্মীয় হওয়ায় একটি পরিবারকে সেখানে বসবাসের সুযোগ দেওয়া হয়েছে। স্টোরের প্রবেশপথে ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ লেখা থাকলেও সেখানে বছরের পর বছর ধরে পরিবারটির বসবাস চলছে।
সবচেয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে। বসবাসরত পরিবারটির সদস্যরা জানিয়েছেন, সেখানে বসবাসের জন্য তাঁদের কোনো ভাড়া দিতে হয় না। একইভাবে বিদ্যুৎ বিলও তাঁদের পরিশোধ করতে হয় না। সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, গত ছয় বছর ধরে স্টোরটির বিদ্যুৎ বিল সরকারি তহবিল থেকে পরিশোধ করা হচ্ছে। তবে ওই বিলে দাপ্তরিক ব্যবহারের পাশাপাশি আবাসিক কাজে ব্যবহৃত বিদ্যুতের খরচ অন্তর্ভুক্ত রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
সরেজমিনে দেখা গেছে, পরিবারটি স্টোরের তিনটি কক্ষ ব্যবহার করছে। এসব কক্ষে লাইট, ফ্যান, ফ্রিজ ও বৈদ্যুতিক আয়রন রয়েছে। রান্নার কাজেও ব্যবহার করা হচ্ছে বৈদ্যুতিক চুলা। ফলে সরকারি স্টোরের দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুৎ এবং পরিবারটির ব্যক্তিগত ব্যবহারের বিদ্যুতের পরিমাণ আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
পরিবারটির সদস্যরা জানান, স্টোরকিপার শাহাদাৎ হোসেনের আত্মীয় হওয়ার সুবাদে তাঁরা সেখানে বসবাসের সুযোগ পেয়েছেন। তাঁদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হয় না এবং বিদ্যুৎ বিলও দিতে হয় না।
এ বিষয়ে স্টোরকিপার শাহাদাৎ হোসেন বলেন, ‘তারা আমার শ্বশুরবাড়ির আত্মীয় হওয়ায় তাদের থাকার সুযোগ দিয়েছি। নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বিষয়টি জানেন।’
তবে নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তিনি জানান, স্টোরে লোকজন বসবাস করেন, তা তিনি দেখেছেন। তবে সেখানে কারা থাকেন, তা তাঁর জানা নেই। সরকারি বিদ্যুৎ ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী।
স্টোরকিপার ও নির্বাহী প্রকৌশলীর বক্তব্যে অসঙ্গতি থাকায় সরকারি স্থাপনায় পরিবারটির বসবাসের বিষয়টি কর্তৃপক্ষ কতটা জানত, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্টোরকিপার যেখানে দাবি করছেন, নির্বাহী প্রকৌশলী বিষয়টি জানেন, সেখানে নির্বাহী প্রকৌশলী বলছেন, তিনি লোকজনের বসবাস দেখলেও তাঁদের পরিচয় জানেন না।
এ ছাড়া স্টোরকিপার শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভাগীয় তদন্ত হয়েছিল বলে জানা গেছে। তবে ওই তদন্তের পর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী এ বিষয়ে মন্তব্য করেননি।
সরকারি মালামাল সংরক্ষণের জন্য নির্ধারিত স্থাপনায় আবাসিকভাবে বসবাসের অনুমোদন ছিল কি না, পরিবারটিকে সেখানে থাকার সুযোগ দেওয়ার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছিল কি না এবং সরকারি তহবিল থেকে পরিশোধিত বিদ্যুৎ বিলের মধ্যে ব্যক্তিগত ব্যবহারের খরচ রয়েছে কি না—এসব বিষয় এখন যাচাইয়ের দাবি রাখে। বিশেষ করে ছয় বছর ধরে সরকারি অর্থে বিদ্যুৎ বিল পরিশোধের তথ্য সঠিক হলে দাপ্তরিক ও ব্যক্তিগত ব্যবহারের হিসাব নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।







Disqus comments are not configured yet.