নতুন পে স্কেলে বেতন বাড়লেও আপাতত বাড়ছে না ভাতা
সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শেষ হয়েছে। গত ৫ অক্টোবর থেকে আইবাস এ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করছেন কর্মচারীরা। এর ফলে চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বর্ধিত বেতন পাওয়ার সুযোগ তৈরি হলেও আপাতত বাড়ছে না ভাতার পরিমাণ।
সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে অর্থ বিভাগ জানিয়েছে, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, আপাতত সেই হারই বহাল থাকবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বিশ্লেষকদের মতে, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রয়োজনীয় হলেও শুধু বেতন বাড়িয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য দুর্নীতি দমন, নজরদারি জোরদার এবং নতুন বেতনকাঠামোর প্রভাব নিয়মিত মূল্যায়নের ওপর গুরুত্ব দিতে হবে।
লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘মনিটরিং জোরদার না করলে এবং দুর্নীতিবাজদের কঠোরভাবে দমন না করলে মাসিক বেতন এক কোটি টাকা করলেও যারা দুর্নীতি করেন, তারা তা করতেই থাকবেন। আর যারা দুর্নীতি করেন না, তারা করবেন না।’
তিনি বলেন, বেতন বাড়ানো ভালো এবং এটি একেবারেই প্রয়োজন ছিল। তবে এখন দুর্নীতিবাজদের ধরতে হবে। তা না হলে বেতন বাড়ালেই দুর্নীতি কমবে—এমন ধারণা একেবারেই অলীক।
নতুন বেতনকাঠামোর কারণে মূল্যস্ফীতির ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।
তিনি বলেন, এ সিদ্ধান্তের প্রভাব সবার ওপর সমান হবে না; বরং ভিন্ন ভিন্ন হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দুই থেকে তিন লাখের মতো, যেখানে সারা দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি।
তাঁর মতে, বেতন বৃদ্ধির কারণে অর্থের সরবরাহ বা মানি সাপ্লাই এতটা বেড়ে যাবে যে মূল্যস্ফীতি তৈরি হবে, বিষয়টি এমন নয়।
তৌফিক আহমেদ চৌধুরী আরও বলেন, অর্থের সরবরাহ কিছুটা বাড়বে, তবে তা এমন পর্যায়ে পৌঁছাবে না, যার কারণে মূল্যস্ফীতিকে সরাসরি এ সিদ্ধান্তের ফল হিসেবে ব্যাখ্যা করা যায়। বরং এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।স
নতুন বেতনকাঠামো অনুযায়ী, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।
নতুন বেতনকাঠামো কার্যকর হলে কর্মচারীদের মূল বেতন বাড়বে। তবে আপাতত ভাতা আগের হারেই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়ায় মোট প্রাপ্য বেতনে ভাতার অংশে কোনো পরিবর্তন আসছে না।










Disqus comments are not configured yet.