আট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘BizzCase 2026’ ফাইনাল
তরুণদের ব্যবসায়িক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ের ব্যবসায়িক সমস্যা সমাধান প্রতিযোগিতা ‘BizzCase, KiU 2026’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের Accounting Wizard Club-এর আয়োজনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটটি দল অংশ নেয়। দলগুলো হলো—কাইজেন, ফাকিবাজ, হেভেনলি ডেমন ডিভাইন কাল্ট, ব্রেকিং টিথ, টিম অ্যাংকরেজ, টিম উন্নয়ন, ইগনাইট ও বেবি শার্কস।
চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলো বাস্তবভিত্তিক বিভিন্ন ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ করে কার্যকর, টেকসই ও বাস্তবায়নযোগ্য সমাধান উপস্থাপন করে। ব্যবসায়িক বাস্তবতা, সম্ভাব্যতা, সৃজনশীলতা, বিশ্লেষণী সক্ষমতা, উপস্থাপনা দক্ষতা এবং প্রস্তাবিত সমাধানের কার্যকারিতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বেবি শার্কস’। প্রথম রানারআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ফাকিবাজ’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ‘টিম উন্নয়ন’।
চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, প্রথম রানারআপকে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও Accounting Wizard Club-এর সংশ্লিষ্ট আয়োজক আসমা আক্তার সুমি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদমান হাসান সানি, ফারজানা আক্তার ফাহমিদা ও তাবাসসুম কাওসার প্রিয়ন্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. জি. এম. শফিউর রহমান ও কোষাধ্যক্ষ ড. মো. আব্দুস সালাম আকন্দ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান এবং এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজীর আবরার।
গ্র্যান্ড ফাইনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এ.সি.এ., সি.আই.এস.এ. (যোগ্যতাপ্রাপ্ত) মো. শাখাওয়াত হোসাইন, মিডিয়া মিক্স কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ হাসান এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আসমা আক্তার সুমি।
Accounting Wizard Club-এর সাংগঠনিক সম্পাদক জাহুদুল আবেদীন নাফছি বলেন, ‘আজকের আয়োজনটি শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক সমস্যা মোকাবিলা, দলগতভাবে কাজ করা, যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক হয়েছে।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতাটিতে কৌশলগত সহযোগী হিসেবে ছিল এক্সিলেন্স বাংলাদেশ। সহ-আয়োজক সহযোগী ছিল সলিউশন নেস্ট বিডি লিমিটেড, শিক্ষা সহযোগী এক্সিলেন্স একাডেমি, পানীয় সহযোগী ম্যাক্স কোলা, চিত্রগ্রহণ সহযোগী প্রাণ এবং গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল ‘অগ্রদূত’।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী, আয়োজক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নেতৃত্ব ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array