মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

এইচএসসি পরীক্ষায় কিশোরগঞ্জে শীর্ষে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
এইচএসসি পরীক্ষায় কিশোরগঞ্জে শীর্ষে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ

এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জ জেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে বাজিতপুরের ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, প্রতিষ্ঠানটির পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ।

ফলাফলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তাসলিমা মেমোরিয়াল কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ। ৮২ দশমিক ০৯ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রফিকুল ইসলাম মহিলা কলেজ। এ ছাড়া গুরুদয়াল সরকারি কলেজের পাসের হার ৮০ দশমিক ৫৮ শতাংশ এবং গচিহাটা কলেজের ৭০ শতাংশ।

অন্যদিকে, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের পাসের হার ৬২ দশমিক ৪২ শতাংশ। পাকুন্দিয়ার এম এ মান্নান মানিক কলেজের পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।

জেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করায় আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সাফল্যে খুশি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীরা।

কলেজের অধ্যক্ষ শেখ শাজাহান বলেন, পরিকল্পিত পাঠদান, নিয়মিত ক্লাস টেস্ট, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ এবং শ্রেণি কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, নিয়ম-শৃঙ্খলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ, শিক্ষকদের কঠোর পরিশ্রম, শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্বল শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সভা আয়োজন এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগই এ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অধ্যক্ষ বলেন, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং জিপিএ-৫-এর সংখ্যা বাড়াতে বিদ্যমান প্রতিবন্ধকতা ও দুর্বলতাগুলো চিহ্নিত করে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

কলেজের সভাপতি মুস্তাফিজুর রহমান মন্টু বলেন, “এইচএসসি পরীক্ষায় কলেজের এমন সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তবে আমরা শুধু বর্তমান ফলাফলে সন্তুষ্ট থাকতে চাই না। আগামী দিনে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল এবং জিপিএ-৫-এর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে কলেজের শিক্ষার মান, পাঠদান পদ্ধতি, প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক শৃঙ্খলা উন্নয়নে আমরা গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও বলেন, “কলেজের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে আটটি উপকমিটি এবং একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছি। এসব কমিটির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিতকরণ, পাঠদান কার্যক্রমের তদারকি এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে কাজ করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে শিক্ষার মান ও ফলাফলের দিক থেকে আরও এগিয়ে নেওয়া। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সঠিক পরিকল্পনা, নিয়মিত তদারকি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দিনেও কলেজটি শিক্ষার মান ও পরীক্ষার ফলাফলে আরও ভালো অবস্থানে পৌঁছাতে পারবে।

তুরস্কে কপ-৩১ ঘিরে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
তুরস্কে কপ-৩১ ঘিরে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ও সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও উল্লেখ করেন তিনি।

সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

 

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ৫ হাজার কোটা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ৫ হাজার কোটা বরাদ্দ

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেন। এর ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

দ্বিপক্ষীয় বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও কোটা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে।

তবে অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অতিরিক্ত কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ধর্মমন্ত্রী জানান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের প্রতি আন্তরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। নতুন চুক্তির ফলে আগামী বছর হজযাত্রীর সংখ্যা আরও বাড়ার সুযোগ তৈরি হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ও সৌদি আরবের রাষ্ট্রদূত এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি গঠন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতি, পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনার জন্য ‘স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে। সদস্যসচিব করা হয়েছে সদস্যসচিব আখতার হোসেনকে।

সোমবার (৯ নভেম্বর) রাতে দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির ঢাকা মহানগর উত্তর অংশে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণ অংশে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার।

ঢাকা বিভাগ উত্তর অংশে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, অ্যাডভোকেট আলী নাছের খান ও মাজেদুল ইসলাম। ঢাকা বিভাগ দক্ষিণ অংশে রয়েছেন সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল।

চট্টগ্রাম বিভাগ উত্তর অংশে রয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন। চট্টগ্রাম বিভাগ দক্ষিণ অংশে রয়েছেন সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

রাজশাহী বিভাগে কমিটির সদস্য করা হয়েছে ড. আতিক মুজাহিদ, মনিরা শারমিন ও এসএম সাইফ মুস্তাফিজকে। খুলনা বিভাগে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

রংপুর বিভাগে রয়েছেন মো. সারজিস আলম, ব্যারিস্টার সানি আব্দুল হক ও আবু সাঈদ লিওন। ময়মনসিংহ বিভাগে রয়েছেন আব্দুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান।

এ ছাড়া সিলেট বিভাগে রয়েছেন আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ। বরিশাল বিভাগে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদাধিকারবলে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব এবং দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।