এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ রবিবার (১ নভেম্বর)। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিটি বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
আবেদনের সময় পরীক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
আবেদনের পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে। পোর্টালের ‘চেক’ বাটনে ক্লিক করে ফি পরিশোধের বিস্তারিত তথ্য জানা যাবে। ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় প্রত্যাহার করা যাবে। পরে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই আবেদন ফি ফেরত দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, পুনর্নিরীক্ষণের জন্য ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।













Disqus comments are not configured yet.