বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা

হারিছ আহমেদ প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা

কিশোরগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের জন্য জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি চালানো হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে কিশোরগঞ্জ সেনাক্যাম্পে ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালেই চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল শাফাত আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. শুভ চন্দ্র দেবসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।

মেডিসিন, গাইনি ও চর্মরোগ বিভাগ থেকে ময়মনসিংহ সিএমএইচ ও কিশোরগঞ্জের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম পুরো দিন চিকিৎসা সেবা দেন। রোগীরা চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও পান।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, জনগণকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে করে আর্থিকভাবে অস্বচ্ছল বা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষজন উপকৃত হতে পারেন। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। রেবেকা খাতুন বলেন, টাকা-পয়সা নেই, ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে এসে ভালোভাবে চিকিৎসা পেলাম, ওষুধও দিলো। খুব উপকার হলো।

যুবক মাহিন মিয়া বলেন, দীর্ঘদিনের চর্মরোগ নিয়ে ভুগছিলাম। ঢাকায় গিয়ে চিকিৎসা সম্ভব হচ্ছিল না। এখানে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরে স্বস্তি লাগছে।

আরেক নারী রোগী সাবিনা আক্তার বলেন, গাইনি সমস্যার জন্য ডাক্তার দেখাতে লজ্জা ও খরচ দুটোই বাধা ছিল। এখানে এসে স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পেরেছি। সেনাবাহিনী আর জেলা প্রশাসনকে ধন্যবাদ।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। অনেক মানুষের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হয় না। আজ হাজারো মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসা পেয়েছেন, যা তাদের বড় সহায়তা।

আয়োজকদের ভাষ্য, দিনব্যাপী ক্যাম্পে প্রায় দেড় হাজার দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। পুরো আয়োজন ঘিরে উপকারভোগীদের মধ্যে ছিল দৃশ্যমান স্বস্তি ও আনন্দ।

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মৃত বিএনপি নেতা ডাবলুর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মৃত বিএনপি নেতা ডাবলুর জানাজা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়।

ডাবলুর ছোট ভাই ও মা লন্ডন থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর, চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএর সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ, সিআইপি আলহাজ সাহিদুজ্জামান টরিক, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবু, সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন,
‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই দেশে আমরা এ ধরনের মৃত্যু প্রত্যাশা করি না। ডাবলুর মৃত্যুর সঠিক বিচার চাই। ভবিষ্যতে যেন আর কাউকে এভাবে প্রাণ দিতে না হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন,
‘জেলা পুলিশের পক্ষ থেকে আমরা অত্যন্ত মর্মাহত। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঘটনার সুষ্ঠু বিচারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠান হাফিজা ফার্মেসির সামনে থেকে ডাবলুকে আটক করা হয়। পরে রাত ১২টার পর তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিরাপত্তাহীনতা ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
নিরাপত্তাহীনতা ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

রিটে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশনের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে নির্বাচনী আসন সমঝোতা সংক্রান্ত পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় ১১ দলের পক্ষ থেকে ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, অনিবার্য কারণেই সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হয়েছে। তিনি জানান, এখনো কিছু প্রস্তুতির কাজ বাকি রয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের নতুন তারিখ জানানো হবে।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়েছিল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল।