রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

ইকবালের মনোনয়ন বাতিলের প্রতিবাদে কিশোরগঞ্জ-৫ এ কাফনের কাপড়ে মশাল মিছিল

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ইকবালের মনোনয়ন বাতিলের প্রতিবাদে কিশোরগঞ্জ-৫ এ কাফনের কাপড়ে মশাল মিছিল

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) সংসদীয় আসনে বিএনপির ত্যাগী নেতা শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বাজিতপুর ও নিকলী উপজেলায় টানা বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন—ইকবালের মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বাজিতপুর বাজারের রেজু মার্কেট এলাকায় বৃহৎ পরিসরে এক প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গায়ে কাফনের কাপড় জড়িয়ে আন্দোলনে অংশ নেন। একই সঙ্গে বাজিতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী সৈয়দ এহসানুল হুদাকে আনুষ্ঠানিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করা হয়। তবে গত ২২ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। একই দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে তাকে ওই আসনের নতুন মনোনয়ন দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদেই ইকবাল সমর্থকরা রাজপথে নামেন।

সমাবেশে বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়ন পুনর্বহাল না হলে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে। প্রয়োজনে দল থেকে গণপদত্যাগের মতো কঠোর কর্মসূচিতেও যেতে বাধ্য হবেন তারা।

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি বাজিতপুর ও নিকলীর নেতাকর্মীদের পাশে বটগাছের মতো দাঁড়িয়ে আছেন। মামলা-হামলা, নির্যাতন, মসজিদ-মাদ্রাসা—সব ক্ষেত্রেই তার অবদান রয়েছে। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে বিএনপির অঙ্গসংগঠন তা মেনে নেবে না। এতে এই আসনে দল চরম ঝুঁকির মুখে পড়বে। তিনি আরও বলেন, “২০১৮ সালে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। আজও আমরা দৃঢ়ভাবে বলতে চাই—ইকবাল ছাড়া অন্য কাউকে বাজিতপুর-নিকলীর বিএনপির নেতাকর্মীরা মেনে নেবে না।”

বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল বলেন, “ইকবাল ভাই মনোনয়ন না পেলে আমি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করব।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন সরারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন মিয়া, সাধারণ সম্পাদক লিটন ভুঁইয়া, নিকলী উপজেলা বিএনপির সহসভাপতি এরশাদ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি মুর্তজা আলী জাহাঙ্গীর, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আজহারুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম, কৃষক দলের সদস্যসচিব ফাইজুল ইসলাম টিটু, শ্রমিক দলের সভাপতি আলী আহসান সবুজ, জাসাসের আহ্বায়ক ফয়েজ আহমেদ মিঠু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে বাদ দিয়ে কোনো মনোনয়ন সিদ্ধান্ত বাজিতপুর-নিকলীর জনগণ কখনোই মেনে নেবে না।

‘বড় বড় কথা বলে যারা, বিগত ১৭ বছরে তাদের রাজপথে দেখিনি’: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
‘বড় বড় কথা বলে যারা, বিগত ১৭ বছরে তাদের রাজপথে দেখিনি’: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপির সঙ্গে যেসব রাজনৈতিক দল রাজপথে ছিল, তাদের নেতাকর্মীরা অত্যাচার-নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন। অথচ বর্তমানে যারা বিএনপি সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের গত ১৭ বছরে রাজপথে দেখা যায়নি।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে তারা কী করবে, সেদিকে নজর রাখতে হবে। ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল, তা মানুষ দেখেছে। একইভাবে ১৯৮৬ ও ১৯৯৬ সালেও তাদের ভূমিকা দেখা গেছে। গত ১৭ বছরের আন্দোলনেও তাদের রাজপথে দেখা যায়নি।

তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘বিগত ১৭ বছরের জনগণের আন্দোলনে তাদের রাজপথে দেখেছেন আপনারা?’

তারেক রহমান বলেন, এখন অনেকে ‘সংস্কার, সংস্কার’ বলে কথা বলছেন। কিন্তু বিএনপি ২০২২ সালেই সংস্কারের কথা বলেছিল। তখন সংস্কার নিয়ে তারা কোথায় ছিলেন—এ প্রশ্নও তোলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে সবচেয়ে আগে সংস্কারের প্রস্তাবনা বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছিল।

তিনি আরও বলেন, এখন দেশকে স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। কেউ অতীতের মতো জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তাদের সমুচিত জবাব দিতে হবে।

তারেক রহমান বলেন, ‘তোমাদের অতীত আমরা দেখেছি, আমরা জানি তোমরা অতীতে কী করেছ। কাজেই তোমাদের কথায় আমরা কান দেব না।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড এসব উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন। পরে কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করেন।

কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে বৃষ্টির মধ্যে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

স্বনির্ভর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারা দেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ, পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষিদের উৎসাহিত করাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে দেশের মৎস্যসম্পদের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) দেন প্রধানমন্ত্রী।

মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তাদের এ পদক দেওয়া হয়। পরে পদকপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. খালেদ কনকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে প্রধানমন্ত্রী কটিয়াদীর আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন।

মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচিও রয়েছে।

দিনব্যাপী কিশোরগঞ্জ সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনাকে ফেরানোর সিদ্ধান্তে আদালতের ভূমিকাই মুখ্য: ভারতীয় কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
শেখ হাসিনাকে ফেরানোর সিদ্ধান্তে আদালতের ভূমিকাই মুখ্য: ভারতীয় কর্মকর্তা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল রাজনৈতিক বা কূটনৈতিক বিবেচনার ওপর নির্ভর করবে না; বরং ভারতের বিচারিক প্রক্রিয়া ও আদালতের সিদ্ধান্তের ওপরই এর চূড়ান্ত নিষ্পত্তি নির্ভর করবে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ সরকারি কর্মকর্তা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর রবিবার (১৬ আগস্ট) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে ওই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আনা অভিযোগগুলো ভারতীয় আইনের অধীনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না, তা প্রত্যর্পণ আবেদনের বিচারিক পর্যালোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। একই সঙ্গে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে নিবিড় যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে ২০১৩ সালের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসরণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক নথিপত্র ইতোমধ্যে নয়াদিল্লিতে পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, আবেদনটি নির্ধারিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী, রাজনৈতিক প্রকৃতির অপরাধ সাধারণত প্রত্যর্পণের আওতার বাইরে থাকলেও হত্যা, হত্যাচেষ্টা ও মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা না করার বিষয়টি চুক্তিতে উল্লেখ রয়েছে।

ফলে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আনা অভিযোগগুলোর প্রকৃতি এবং সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে স্বীকৃত কি না—প্রত্যর্পণ প্রক্রিয়ায় এসব বিষয় বিশেষ গুরুত্ব পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের Extradition Act, 1962 অনুযায়ী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রত্যর্পণ আবেদন গ্রহণের পর প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য একজন বিশেষ তদন্তকারী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে।

ম্যাজিস্ট্রেটের তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক ভিত্তি পাওয়া গেলে প্রত্যর্পণের সুপারিশ করা হতে পারে। অন্যদিকে পর্যাপ্ত ভিত্তি না পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার সুযোগও রয়েছে।

অর্থাৎ, বাংলাদেশের পক্ষ থেকে করা প্রত্যর্পণ আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানের ক্ষেত্রে কূটনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি ভারতের নিজস্ব আইনি ও বিচারিক প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। দুই দেশের বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথও খোঁজা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রত্যর্পণ ইস্যুতে বিচারিক প্রক্রিয়া এবং কূটনৈতিক আলোচনার দুটি ধারাই পাশাপাশি এগোতে পারে। শেষ পর্যন্ত ভারতের আদালতের সিদ্ধান্ত, সংশ্লিষ্ট আইন এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে দায়ের হওয়া বিভিন্ন মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমও প্রত্যর্পণ ইস্যুটিকে নতুন করে গুরুত্ব দিয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে রায় ঘোষণার পর তাঁকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক তাগিদ আরও জোরালো হয়েছে। তবে তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা দেশটির আইন, বিচারিক প্রক্রিয়া এবং কূটনৈতিক বিবেচনার সমন্বিত ফলাফলের ওপর নির্ভর করবে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41