রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষার ধাপ সম্পন্ন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে। এখন নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলেই ইউনিটটি পরবর্তী ধাপে প্রবেশ করবে এবং পাওয়ার স্টার্টআপের দিকে এগোবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি চলছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল। প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটের বি-২ ধাপের সব পরীক্ষা ও কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। বুধবার পরীক্ষার প্রতিবেদন নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে ইউনিটটি পরবর্তী ধাপে প্রবেশ করবে।
এদিকে, রূপপুর প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গত ২০ থেকে ২৩ অক্টোবর বাংলাদেশ সফর করেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের প্রথম উপমহাপরিচালক ও অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সফরকালে তারা প্রকল্পের অগ্রগতি নিয়ে একাধিক বৈঠক করেন।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে রুশ প্রতিনিধিদলের বৈঠকে প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায় ও প্রকল্পের সামগ্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও এনপিসিবিএলের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রকল্পসংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় ধাপগুলো সফলভাবে সম্পন্ন হলে চলতি বছরের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে। তবে উৎপাদন ও গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময়সূচি নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং পরবর্তী পরীক্ষাগুলোর সফলতার ওপর।













Disqus comments are not configured yet.