‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘিরে হামলার আশঙ্কা, প্রশাসনের সহযোগিতা চাইল এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ কর্মসূচিকে সামনে রেখে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে দলটির জেলা শাখা। সংবাদ সম্মেলনে নেতারা কর্মসূচির সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য হামলার আশঙ্কার কথা উল্লেখ করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
রোববার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা নেতারা জানান, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) তাড়াইল, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ শহরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তারা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
জেলা সদস্যসচিব আরিফুর রহমান বাবু বলেন, তাদের কাছে এমন তথ্য রয়েছে যে আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে হামলার চেষ্টা হতে পারে। তাই শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন করতে তিনি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামলার আশঙ্কার বিষয়ে আরিফুর রহমান বাবু বলেন, এ ঘটনায় ‘পতিত আওয়ামী লীগ’ জড়িত থাকতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, জেলা আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্যসচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এ সময় বক্তারা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ২৭ জুলাইয়ের ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ কর্মসূচিতে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array