প্রবাসীদের ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এ হিসাব খোলার সুযোগ পাবেন প্রবাসীরা। এ ছাড়া সঞ্চয়ী, চলতি ও মেয়াদি—তিন ধরনের হিসাব খোলার পাশাপাশি জমা অর্থ দেশে ব্যয় ও বিনিয়োগ, ঋণ গ্রহণ এবং বিদেশে পাঠানোর সুবিধাও থাকছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি ও মেয়াদি হিসাব খুলতে পারবেন। বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো অর্থ এসব হিসাবে জমা রাখা যাবে। পাশাপাশি নিজস্ব বৈদেশিক মুদ্রার হিসাব থেকে স্থানান্তর করা অর্থও জমা রাখার সুযোগ থাকবে।
এনআরসিটিএ হিসাবে জমা অর্থ দিয়ে দেশে বিভিন্ন খরচ মেটানো, অন্য ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে। এ ছাড়া হিসাবের অর্থ জামানত রেখে ঋণ নেওয়ারও সুযোগ থাকছে।
নতুন ব্যবস্থায় হিসাবের মূল অর্থের পাশাপাশি এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফাও বিদেশে পাঠানো যাবে। এতে প্রবাসীরা দেশে অর্থ জমা রাখা এবং প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার ও স্থানান্তরের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।
প্রবাসীদের ব্যাংকিং সেবা আরও সহজ করতে অনলাইনে হিসাব খোলা এবং ই-ব্যাংকিং সুবিধা দেওয়ার সুযোগও রাখা হয়েছে। ফলে বিদেশে অবস্থান করেই প্রবাসীরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
