ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়েছে।

নগদবিহীন লেনদেন বাড়াতে খুচরা ব্যবসায়ী ও বিক্রেতাদের বাংলা কিউআর ব্যবস্থার আওতায় আনতে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা প্রশাসনগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)। ইউনিয়ন পরিষদগুলোর ক্ষেত্রেও জেলা প্রশাসকদের মাধ্যমে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে গত ১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-১) আ ন ম মঈনুল কবীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দেশে ইতোমধ্যে ৩২ লাখ ৬১ হাজার মার্চেন্ট বাংলা কিউআর ব্যবস্থার আওতায় এসেছেন।

বাংলাদেশ ব্যাংকের ধারণা, ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনা সহজ হবে। পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

চিঠিতে ইউনিয়ন পরিষদ পর্যায়েও ট্রেড লাইসেন্স দেওয়ার সময় বাংলা কিউআর সেবা যুক্ত করার ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানানো হয়।

এর আগে ২০২৫ সালের ১৪ আগস্ট সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ে ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার ইউনিয়ন পরিষদ পর্যায়েও এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের পাশাপাশি প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ডিজিটাল লেনদেনের আওতায় আসবে। এতে ব্যবসায়িক লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *