প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। শিগগিরই সুবিধাজনক কোনো সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারি: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারটির যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সুবিধাজনক সময়ে তাঁকে স্বাগত জানাতে বাংলাদেশও প্রস্তুত রয়েছে।

দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের একটি শক্তিশালী অংশীদার। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। এ ধরনের চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে হলে সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের শান্তিরক্ষার দক্ষতা মুসলিম দেশগুলোর সেবায় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখতে পারবে বলে মনে করা হলে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাঁদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সরকারের কাছে সব সময় অগ্রাধিকার পাবে। শ্রমিক নিয়োগের প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং শ্রমিক ও নিয়োগকর্তাদের স্বার্থ সুরক্ষায় সৌদি আরবের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ চায়, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের শুধু শ্রমের উৎস হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা হোক।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *