২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে টাকা জমার মূল রসিদ আগামীকাল রোববার (১১ অক্টোবর) মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাগজপত্র জমা দিতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ২০২৭ সালের হজ কার্যক্রমে নিবন্ধিত ১০০ জন বা তার বেশি হজযাত্রী রয়েছে—এমন ২৬০টি এজেন্সিকে একটি করে মিশন ভিসা দেওয়া হবে। এ ছাড়া নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১০০ জনের কম হলেও আটটি লিড এজেন্সি ও দুটি মোনাজ্জেম এজেন্সিকে একটি করে ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে ২৭০টি হজ মিশন ভিসা ইস্যু করা হবে।

নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছকে এজেন্সির নাম, লিড নম্বর, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা, এজেন্সির মালিক, মোনাজ্জেম বা প্রতিনিধির নাম, পদবি, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আগামীকাল রোববারের মধ্যে নির্ধারিত ০১৯২১-৪৬৭৭১৮ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্যের সফটকপি পাঠাতে হবে। পাশাপাশি এজেন্সির নিজস্ব প্যাডে স্বাক্ষরিত হার্ডকপিও জমা দিতে হবে।

মিশন ভিসা পাওয়ার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় নির্ধারিত ভিসা ফি, ইনস্যুরেন্স ফি, ইলেকট্রনিক সার্ভিস ফি, জমজমের পানির ফি, লাগেজ পরিবহন ফি, তাঁবু ও মাশায়ের সার্ভিস ফিসহ অন্যান্য ফি জমা দিতে হবে। এসব অর্থ ধর্ম মন্ত্রণালয়ের অধীন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার ‘Sale Proceeds of Haj Deposit’ হিসাব নম্বর ০০২-০০০২৬৩০০০০৯০৮-এ জমা দিতে হবে।

টাকা জমার মূল রসিদ ঢাকার আশকোনায় অবস্থিত হজ অফিসে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বিমানভাড়াসহ যাতায়াত খরচ এবং সৌদি আরবে থাকা-খাওয়ার যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট মিশন ভিসাপ্রাপ্ত ব্যক্তি বা এজেন্সিকে নিজ দায়িত্বে বহন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ও মহাসচিব, আশকোনা হজ অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *