কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সদস্যের মাদকদ্রব্য শনাক্তকরণ পরীক্ষা (ডোপ টেস্ট) পজিটিভ এসেছে। মো. ওসমান গনি নামের ওই ড্রাইভার কনস্টেবলের পরীক্ষায় মাদক গ্রহণের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম। তিনি জানান, পরীক্ষার প্রতিবেদনটি জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, মো. ওসমান গনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত।

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমানভাবে কার্যকর। পুলিশের সঙ্গে মাদকের কোনো ধরনের সংশ্লিষ্টতা যেন না থাকে, তা নিশ্চিত করতে সন্দেহভাজন সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে।

তিনি আরও জানান, এ কার্যক্রমের ধারাবাহিকতায় মঙ্গলবার কনস্টেবল মো. ওসমান গনির ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নে জেলা পুলিশের সদস্যদেরও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *