‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। আন্তর্জাতিকভাবে প্রতিবছর ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়।

র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, স্কাউট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এনজিওকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল, তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দীকুর রহমান এবং তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম। এ ছাড়া ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। বন্যা, বজ্রপাত ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মহড়ার গুরুত্ব তুলে ধরেন তাঁরা।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *