কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের বিষয়ে অবহিত করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার ৪ নম্বর সরারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘ফ্যামিলি কার্ড কার্যক্রম: স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’। জাতীয় পর্যায়ে পরিচালিত এ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং এর বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহারুখ আলম শান্তনু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাবুল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা খানম, সরারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন, সরারচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকমল হোসেন, সরারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন মিয়া, সাবেক চেয়ারম্যান আলে মোহাম্মদ আলম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাদিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিটন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ওসিমুল হক, সরারচর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুল্লাহ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া, সরারচর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. বুরহান উদ্দিন এবং বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ মানিক।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহ, কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাবুল মিয়া উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কর্মসূচির বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *