সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি বলেছেন, আওয়ামী লীগ এমন একটি পরিবেশ সৃষ্টি করে গেছে, যেখানে সমাজের ভালো মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সরকারের আমলে এ অবস্থার অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে অনুধাবন করা যায়, আগামী নির্বাচনগুলো অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচনগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আশা করি, এ অবস্থার অবসান হবে। বর্তমান সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু নেয়নি।’
স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পিকার বলেন, সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ থাকে। তাই এ স্তরের নির্বাচন সুষ্ঠু হওয়া জরুরি।
অতীতের নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। তবে বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাঁর আস্থা রয়েছে। তাঁর মতে, ইতিমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে।
এর আগে বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজ সংসদীয় আসনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার বলেছিলেন, ‘সমাজের নিকৃষ্ট যে লোকটা, সেটাই এমপি-মন্ত্রী হয়।’ তিনি জানান, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই তিনি এ মন্তব্য করেছেন।
ভোলার প্রাকৃতিক গ্যাস নিয়েও কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দ্বীপজেলা ভোলা প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। আপাতদৃষ্টিতে দেশের মোট গ্যাসের মজুতের সমপরিমাণ গ্যাস ইতিমধ্যে ভোলায় পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে। সেখানে আরও বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্পিকার বলেন, ভোলার গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে সরকার বিদেশে যোগাযোগ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহজ সম্ভাবনা ভোলাতেই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার।’
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Disqus comments are not configured yet.