১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটার, আপলাইনে ট্রেন বন্ধ
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত রেললাইনে মেরামতকাজ চলমান থাকায় নাঙ্গলকোট থেকে লাকসাম পর্যন্ত আপলাইনে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত মেরামতকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ শেষ হয়েছে। বর্তমানে আপলাইনে মেরামতকাজ চলছে। কাজ শেষ হলে ওই পথে ট্রেন চলাচল শুরু করা যাবে। তবে দুর্ঘটনায় রেললাইনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে দুর্ঘটনার পেছনে দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় অন্য কারও দায় রয়েছে কি না, তা শনাক্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনাস্থলে রেললাইন মেরামতের কাজ চললেও এ বিষয়ে আগে থেকে চালককে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন কর্ণফুলী কমিউটারের লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন। তাঁর দাবি, যে অংশে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, সেখানে রেললাইন মেরামতের কাজ চলছিল। কিন্তু এ বিষয়ে চালককে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি।
নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশনমাস্টার জামাল হোসেনও একই অভিযোগ করেছেন। দুর্ঘটনার আগে ট্রেনটিকে ‘লাইন ক্লিয়ারেন্স’ পেপার দেওয়া এই স্টেশনমাস্টারের দাবি, রেললাইনে মেরামতকাজ চলার বিষয়ে তাঁকেও কোনো তথ্য বা হালনাগাদ নির্দেশনা দেওয়া হয়নি।
দুর্ঘটনার আগে রেললাইনে মেরামতকাজ চলার তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে কেন পৌঁছায়নি, তা তদন্তে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসাম উপজেলার নাওটি স্টেশনের আউটার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার তৎপরতা। প্রায় ১৬ ঘণ্টা পর ট্রেন উদ্ধারের কাজ শেষ হলেও রেললাইন মেরামত না হওয়ায় ওই পথে ট্রেন চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।






Disqus comments are not configured yet.