পাকুন্দিয়ায় শর্টসার্কিটে আগুন, চারটি দোকান ভস্মীভূত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ডিগ্রি কলেজ গেট এলাকায় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ।
প্রত্যক্ষদর্শী সিদ্দিক হোসেন মাসুদ জানান, আগুনে একটি ফুচকার দোকান, পর্দার দোকান, টাইলসের দোকান ও একটি স্টুডিও সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সামনে একটি ফুচকার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তারা।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, “রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার পর সাধারণ মানুষের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”
খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন এবং পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।




