পাকুন্দিয়ার মজিতপুরে মাদ্রাসা শিক্ষক সামছুল হককে চাপা দিয়ে মৃত্যু
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের মির্জাপুর-থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এক বাইসাইকেল দুর্ঘটনায় সামছুল হক (উম্মেদ) নিহত হয়েছেন।
নিহত সামছুল হক উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সকালে থানারঘাট থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সামছুল হক। মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মৃতদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাস ও চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।




