প্লাস্টিক কারখানায় আগুন: দোকান ও বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে ঝাউতলা এলাকার ভাই ভাই প্লাস্টিক কারখানাসহ পাশ্ববর্তী আরও দুই থেকে তিনটি দোকানঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝাউতলা নিবাসী আঃ মোতালিবের ছেলে কামালের মালিকানাধীন ভাই ভাই প্লাস্টিক কারখানা থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে প্লাস্টিক কারখানার প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ফলে পাশের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও একটি বৈদ্যুতিক পিলার পুড়ে যায়, যার কারণে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।
আগুন লাগার সঠিক কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




