ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুরে একতা যুব সংগঠনের ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নারায়ণ ডহর বাজার একতা যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকেলে প্রতি বছরের ন্যায় এ বছরও নারায়ণ ডহর বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। “নারায়ণ ডহর বাজার একতা যুব সংগঠন”—এর “একতাই শক্তি, সততাই আমাদের মূলনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ১৩২টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রতি বছরের মতো এ বছরও এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে চাল, ডাল, তেল, সেমাই, পেঁয়াজ, চিনি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রুবেল, প্রচার সম্পাদক দিদারুল আলম সুমন, কোষাধ্যক্ষ মো. কামরুল ইসলাম, উপদেষ্টা হুমায়ুন কবির, খাইরুল ইসলাম, সৌদি প্রবাসী মো. রুবেল মিয়া প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যসহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।
তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




