শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ ১৪৩২
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ ১৪৩২

বাজিতপুরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন শিল্পপতি ইকবাল

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বাজিতপুরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন শিল্পপতি ইকবাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. ইকবাল হোসেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় উপজেলার সারারচর ইউনিয়নের কামালপুর গ্রামে তার নিজ বাসভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ হাজার অসহায় নারী-পুরুষের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার আগেই ইকবাল হোসেনের বাড়ির আশপাশে শত শত মানুষ জড়ো হন। বাড়ির সামনে নারী-পুরুষের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। ঈদকে সামনে রেখে নতুন পোশাক পাওয়ার আশায় তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

এ সময় উপকারভোগীদের মুখে ছিল আনন্দের ছাপ। অনেকেই বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা খুবই খুশি; এতে তাদের ঈদের আনন্দ আরও বেড়ে যাবে।

এ বিষয়ে মো. ইকবাল হোসেন বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ইকবাল হোসেনের মতো সমাজসেবীদের কারণে অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটে ওঠে।

পাকুন্দিয়ায় ইতেকাফরত মুসল্লির মৃত্যু, জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ইতেকাফরত মুসল্লির মৃত্যু, জানাজা সম্পন্ন

ছবি-সংগ্রহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইতেকাফে থাকা অবস্থায় মারা যাওয়া এক মুসল্লির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর উপজেলার বড় আজলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়ন সদর বাজার জামে মসজিদে ইতেকাফরত অবস্থায় তিনি মারা যান।

নিহত আবুল হাশিম (৬৫) সুখিয়া ইউনিয়ন সদর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

প্রতিবেশী আব্দুর রহমান জানান, মাহে রমজানের শেষ দশকে ইতেকাফ পালনের জন্য আবুল হাশিম সুখিয়া বাজার জামে মসজিদে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি হঠাৎ অসুস্থবোধ করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে রাতেই বাড়িতে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাসে লেনদেন নিয়ে অষ্টগ্রামে সংঘর্ষ, আহত অন্তত ১০

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
প্রবাসে লেনদেন নিয়ে অষ্টগ্রামে সংঘর্ষ, আহত অন্তত ১০

ছবি-সংগ্রহীত

মালয়েশিয়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে খয়েরপুর মাস্টারবাড়ির বাবুল মিয়া খয়েরপুর মুন্সিবাড়ির আজিজুল ইসলামকে মালয়েশিয়ায় নিয়ে যান। তবে আজিজুল ইসলামের অভিযোগ, সেখানে তাকে ভালো কাজ দেওয়া হয়নি। এছাড়া আকামার জন্য টাকা নেওয়া হলেও তার ব্যবস্থা করা হয়নি।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে মালয়েশিয়ায় থাকতে না পেরে আজিজুল ইসলাম দেশে ফিরে আসেন। সম্প্রতি বাবুল মিয়া দেশে ফিরলে আজিজুল তার কাছে টাকা ফেরত চান। টাকা ফেরত না পেয়ে তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে স্থানীয় কদমচাল বাজারে আজিজুল ইসলামকে পেয়ে বাবুল মিয়া তার বিরুদ্ধে বিচার দেওয়ার বিষয়টি নিয়ে জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদেশে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ভৈরবে ডক্টরস ক্লাবের কমিটি গঠন: সভাপতি মাসুদ, সম্পাদক নজরুল

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
ভৈরবে ডক্টরস ক্লাবের কমিটি গঠন: সভাপতি মাসুদ, সম্পাদক নজরুল

কিশোরগঞ্জের ভৈরবে “ডক্টরস ক্লাব অব ভৈরব” সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জন ও সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেডিসিন, ডায়াবেটিস, মা ও শিশু, গাইনি ও প্রসূতি রোগে বিশেষ অভিজ্ঞ ডা. মুহাম্মদ নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত জান্নাত রেস্টুরেন্টে ভৈরবের শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভৈরবের প্রবীণ চিকিৎসক ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ফারুক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, বক্ষব্যাধি রোগ বিশেষজ্ঞ ডা. লায়লা বেগম, সার্জারি বিশেষজ্ঞ ডা. মাসুদ, গাইনি বিশেষজ্ঞ ডা. শেফালি আক্তার ও ডা. উম্মুল খায়ের মাহমুদা সুমি, সহযোগী অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান, ভৈরব সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান কবীর এবং সহযোগী অধ্যাপক ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান অপু প্রমুখ।

নবগঠিত কমিটি গঠনের পূর্বে আহ্বায়ক কমিটি ও অতিথি চিকিৎসকদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, রোগীদের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করতে ডক্টরস ক্লাব অব ভৈরব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত চিকিৎসকদের সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।