ভৈরবে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে বিক্রয়কালে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া মুন আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকার সাদেক মিয়ার ছেলে সারোয়ার হোসেন রানা এবং মৃত মানিক মিয়ার ছেলে খালেক মিয়া (৩০)।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ায় মুন আইডিয়াল স্কুলের বিপরীত পাশে ‘খালেক স্টোর’ নামে একটি পরিত্যক্ত দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে খবর পাওয়া যায়, উক্ত স্থানে কিছু মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেবের নেতৃত্বে এসআই এমদাদুল কবিরসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
এ সময় দোকানের ভেতর থেকে সারোয়ার হোসেন রানা ও খালেক মিয়াকে আটক করা হয়। পরে দোকান তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।







