‘নব্য বিএনপি নয়, আন্দোলনকারীরাই প্রার্থী হোক’- কিশোরগঞ্জে মনোনয়ন প্রত্যাশী মবিন
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় হোসেনপুরে নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম মবিন বলেন, “১৯৮৬ সাল থেকে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি এবং এখনও দলের সঙ্গে আছি। স্বৈরাচার আমলে জেলা বিএনপির নিজস্ব অফিস না থাকায় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতাম। পুলিশের রিমান্ডে আমার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, তবুও আমি রাজনীতি ছাড়িনি।”
তিনি আরও বলেন, “নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সব রাজনৈতিক কর্মসূচি সফল করার চেষ্টা করেছি। কিন্তু সম্প্রতি কিছু ‘নব্য বিএনপি’ তৈরি হয়েছে যারা শুধু এমপি হতে চায়। আমি দলের হাইকম্যান্ডের কাছে অনুরোধ করব— যারা অতীতে আন্দোলনে সক্রিয় ছিলেন, চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত নন, তাদের মধ্য থেকেই যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দল যদি আমাকে মনোনীত করে, আমি আশাবাদী যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয় অর্জন করব।”
শেষে তিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি জনগণের দল; জনগণের বিশ্বাসের ওপর ভর করেই আমরা আগামী নির্বাচনে জয়ী হব।”




