বাজিতপুরে বিএনপি প্রার্থী ঘোষণার দাবিতে ট্রেন অবরোধ
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালকে দলের প্রার্থী ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন তার কর্মী-সমর্থকরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। সেটি সরারচর বাজার ঘুরে রেলগেট মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় ১০ মিনিট আটকে রাখেন। পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সমর্থকদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলগেট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, “বাজিতপুর-নিকলীর মানুষের হৃদয়ের স্পন্দন শেখ মজিবুর রহমান ইকবাল। বিএনপি নেতাদের কাছে আমাদের একটাই দাবি—ধানের শীষ প্রতীকে ইকবালকেই প্রার্থী করা হোক।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে আহ্বান জানাচ্ছি—অবিলম্বে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করুন। ইকবাল ছাড়া অন্য কাউকে বাজিতপুর-নিকলীর মানুষ প্রার্থী হিসেবে মেনে নেবে না।”




