করিমগঞ্জে বিএনপি ও গণঅধিকার পরিষদের ৬৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের মোট ৬৪ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেয় জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে নবাগতদের হাতে ফুল তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন— জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬২ জন নেতাকর্মী।
এছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার এবং করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলামও জামায়াতে ইসলামীতে যোগ দেন।




