বিভিন্ন অভিযোগে তাড়াইল বিএনপির একাংশের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা বিএনপির বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তাড়াইল বিএনপির একাংশ।
কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটনে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলাকুল ইসলাম অংকুর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাড়াইল উপজেলাধীন রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন হত্যার বিচার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক আতিকুর রহমান অপুর উপর বর্বরোচিত হামলা এবং বর্তমান উপজেলা বিএনপির নবগঠিত কমিটির স্বেচ্ছাচারিতার প্রেক্ষিতে কমিটি পুনর্গঠনের দাবি তোলেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিতদের দাবিগুলো হলো—
দ্বিধাবিভক্ত তাড়াইল বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনকে হারিয়ে প্রায় ১০ মাস পার হলেও বিএনপির একাংশের নেতৃত্বের প্রভাবে হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখন পর্যন্ত মামলাটির চার্জশিট প্রদান করা হয়নি। বিচারের বাণী নীরবে নিভৃতে হারিয়ে যাবে কিনা—এ ব্যাপারে আমরা সন্দিহান। আমরা রতন হত্যার দ্রুত বিচার কামনা করছি।
গত ২০ অক্টোবর তালজাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের উপর বর্বরোচিত হামলা করা হয়। এখন পর্যন্ত প্রতিপক্ষের প্রভাবে আইনি কোনো প্রতিকার পাওয়া যায়নি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
গত ৩০ এপ্রিল তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন সমাপ্ত হলেও দীর্ঘ চার মাস পর একটি পক্ষপাতদুষ্ট, ত্যাগী ও কারা নির্যাতিত নেতৃত্ব বাদ দিয়ে (এক পরিবারকেন্দ্রিক) আওয়ামী ও জাতীয় পার্টির সমন্বয়ে উপজেলা কমিটি প্রকাশ করা হয়। আমরা এই কমিটি পুনর্গঠনের জোর দাবি জানাচ্ছি। কারণ, এই ধরনের স্বেচ্ছাচারী কমিটি দিয়ে গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্য—নির্বাচনের বৈতরনী পার হওয়া অসম্ভব। তাই উপরোক্ত বিষয়সমূহে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও দৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাজী শরিফুল মাহমুদ শোয়েব, সহ-সভাপতি তাড়াইল উপজেলা বিএনপি; শফিকুল ইসলাম দানু, সদস্য তাড়াইল উপজেলা বিএনপি; আব্দুল হাকিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তাড়াইল উপজেলা বিএনপি; জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, সদস্য সচিব তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দল; জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব তাড়াইল যুবদল; আব্দুল কাইয়ুম, সভাপতি তাড়াইল শ্রমিক দল; সাগর মিয়া, আহ্বায়ক তাড়াইল মুক্তিযোদ্ধা প্রজন্ম দল; শওকত হোসেন বিপ্লব, আহ্বায়ক তাড়াইল উপজেলা যুবদল; আতিকুর রহমান অপু, আহ্বায়ক তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দল; এবং মীর্জা সোহেল, যুগ্ম আহ্বায়ক তাড়াইল উপজেলা যুবদল।




