কিশোরগঞ্জে “মাদকমুক্ত প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার
“মাদকমুক্ত প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যৎ”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক সেমিনার। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে শুকতারা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক এনায়েত হোসেন এবং সমাজসেবা অফিসার সিদ্দিকুর রহমান।
সেমিনারে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগম এবং সঞ্চালনা করেন শুকতারা সমাজ কল্যাণ সংঘের সভাপতি রেজাউল হাসানাত নাহিদ।
বক্তারা বলেন, “মাদকাসক্তি শুধু ব্যক্তির সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। সমাজ ও পরিবার একসাথে এগিয়ে এলেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
তারা আরও বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে পারিবারিক বন্ধন মজবুত করতে হবে। সন্তানদের সঙ্গে নিয়মিত সময় কাটাতে হবে, তাদের বই পড়া, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে হবে।”
বক্তারা ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্বের কথাও তুলে ধরেন। পাশাপাশি অতিরিক্ত অর্থ বা আদর না দিয়ে সন্তানদের বাস্তবমুখী ও দায়িত্বশীল করে গড়ে তোলার আহ্বান জানান।
সেমিনারে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




