কিশোরগঞ্জে ড. ওসমান ফারুকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা
সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক বিএনপি থেকে পুনরায় মনোনয়ন পাওয়ায় করিমগঞ্জে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউসের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নয়াকান্দী মোড় থেকে শুরু হয়ে করিমগঞ্জ বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গোজাদিয়ায় ড. ওসমান ফারুকের নিজ বাড়িতে গিয়ে শেষ হয়।
এ সময় অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস বলেন, “কিশোরগঞ্জ-২ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ড. ওসমান ফারুকের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে কেন্দ্র করে আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দলের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব।”
অন্যদিকে, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. এম ওসমান ফারুক বলেন, “আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি সেই ভালোবাসার মর্যাদা রাখব। দেশের সেবা করার জন্য আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। অন্যায়ভাবে হয়রানির শিকার হলেও আমি আজ আপনাদের মাঝে ফিরে এসেছি স্বাধীনভাবে কথা বলার অধিকার নিয়ে।”
শোভাযাত্রায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, যিনি দলের সিদ্ধান্তে ড. ওসমান ফারুকের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন।




