তাড়াইলে উৎসবের আমেজ:ড. এম ওসমান ফারুককে বরণ ও সংবর্ধনা
তাড়াইল আজ যেন এক উৎসবের নগরী। সকাল থেকেই তাড়াইলবাসীর মনে প্রফুল্লতা বিরাজ করছে, আর বিএনপির নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলা সদর বাজারের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে দলীয় নেতাকর্মীদের ভিড় ক্রমেই বাড়তে থাকে। একই সঙ্গে সাধারণ মানুষের ঢল নেমে আসে সড়কে। এমনই উচ্ছ্বাসমুখর পরিবেশে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে বরণ ও সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় তাড়াইল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে তাকে বরণ করতে জড়ো হন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। বহু প্রতীক্ষার পর প্রিয় নেতাকে পেয়ে তাড়াইলবাসী আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উল্লাস, আবেগ ও রাজনৈতিক দৃঢ় প্রত্যয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল মাহমুদ শোয়েব, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম দানু, হাকিম রানা, রকিবুর রহমান রুজনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এছাড়া উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ূম ভূঁইয়া, মহিলা দলের আহ্বায়ক মোছা. দিলোয়ারা খানমসহ ইউনিয়ন পর্যায়ের তরুণ নেতারা। তাদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
ড. এম ওসমান ফারুককে ঘিরে নেতাকর্মীদের স্লোগান, ফুলেল শুভেচ্ছা ও করতালিতে পুরো দলীয় কার্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর এলাকায় ফিরে তিনি পুরোনো সহযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাড়াইলের উন্নয়ন, সংগঠনের পুনর্গঠন ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
তার আগমনকে কেন্দ্র করে তাড়াইল বিএনপির কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে স্থানীয় নেতারা মনে করছেন।
উল্লেখ্য, সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন—তাড়াইল উপজেলা বিএনপির কমিটিতে কিছু মতবিরোধ ও বিভক্তি রয়েছে। তারা আশা প্রকাশ করেন, ড. এম ওসমান ফারুক বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে ড. এম ওসমান ফারুক তাড়াইলের সাধারণ মানুষ, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তাড়াইল বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




