নিকলীর কামালপুর ব্রিজের নিচে ট্রলারে অগ্নিসংযোগ
কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে যাত্রীবাহী নৌকাটি সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা মালিক মো. আবুল কালামের ইঞ্জিনচালিত নৌকাটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা নৌকায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পাশেই থাকা মালিকের ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার অংশ বিশেষও পুড়ে যায়।
নৌকার মালিকরা দাবি করেছেন, আগুনে দুটি নৌকা মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, “ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি। থানায় মামলার প্রক্রিয়া চলছে।”




