প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
কিশোরগঞ্জে চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করা স্বামীহারা জাহানারার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় পরিবারটির হাতে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কটিয়াদী উপজেলার আচমিতা বাজার সংলগ্ন জাহানারার বাড়িতে বিএনপি নেতা ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এই সহায়তা তুলে দেন। তিনি কিশোরগঞ্জ–২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনে বিএনপির মনোনীত প্রার্থীও।
সম্প্রতি একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত “চার প্রতিবন্ধীকে নিয়ে স্বামীহারা জাহানারার জীবনসংগ্রাম” বিষয়ক প্রতিবেদনের পর বিষয়টি নজরে আসে বলে জানান অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি বলেন, “জাতীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে এসেছি। খাদ্য সামগ্রীসহ কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় আসুক বা না আসুক, ভবিষ্যতেও এই পরিবারের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা অব্যাহত থাকবে।”
সহায়তা পেয়ে আবেগাপ্লুত জাহানারা বলেন, “আমরা খুবই অসহায়। তারেক রহমানকে ধন্যবাদ। সংবাদ প্রকাশের পর নেতাকর্মীরা খাবার ও টাকা নিয়ে আসছেন। সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা। আমি তারেক জিয়া, তাঁর পরিবার ও জালাল ভাইয়ের জন্য দোয়া করি। আমরা খুব খুশি।”
সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক জাকির হোসেন অনিক, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।




