বড়পুলে নান্দনিক স্থাপনাগুলো রক্ষায় উদ্যোগ
নিজ হাতে নিজের ব্যানার অপসারণ করছেন ভিপি সোহেল
গতকাল কিশোরগঞ্জের বড়পুল মোড়ে (বিশ্বরোড) বিভিন্ন রাজনৈতিক নেতার পোস্টারের আড়ালে নান্দনিক স্থাপনাগুলো ঢেকে যাওয়ার খবর প্রচারিত হয়। বিষয়টি কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল এর নজরে আসলে তিনি নিজ ব্যানারসহ সকল ব্যানার অপসারণের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন এবং বড়পুলে যান। এতে গুরুত্বপূর্ণ স্থানে নান্দনিক স্থাপনাগুলোর সৌন্দর্য্য দৃশ্যমান হয়।
ভিপি সোহেল বলেন, “ব্যানার ও ফেস্টুনগুলো সুন্দর স্থাপনাগুলোর ক্ষতি করেছে। সাংবাদিক ভাইরাও বিষয়টি নিউজ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের তরুণ ছাত্র ও জনতা, যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ব্যানার ফেস্টুন সরানোর উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে যদি আমার কোনো ভুল থাকে, সাথে সাথে তা শুধরে দেওয়ার আহ্বান জানাই। আমাদের প্রিয় নেতা, দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ, যার দিকে সারাদেশ তাকিয়ে আছে, তিনি নির্দেশ দিয়েছেন—মানুষের অকল্যাণ হয় এমন কোনো কাজ করা যাবে না। নেতা-কর্মীদের মাধ্যমে যাতে এমন ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখতে হবে।”
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আশিক, জামিয়া ইমদাদিয়ার ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরকতুল্লাহ, আল-আমীন, ছাত্রদলের মশিউর এবং জুলাইযোদ্ধা জহির উপস্থিত ছিলেন।




