মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টার দিকে এ হামলা চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, জুলাই গণ–অভ্যুত্থানের বিচারকাজে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দমিছিল বের হয়। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামমুখী হলে ২০–৩০ জনের একটি দল মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না।
প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া মিছিলে শতাধিক মানুষ অংশ নেন। মিছিলের নেতৃত্বে ছিলেন মিঠামইন উপজেলা বিএনপির সদস্য আলমগীর শিকদারসহ কয়েকজন। কামালপুরে পৌঁছে মিছিলের একটি অংশ বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র, জানালা–দরজা, আলমারি ও বাইরের স্থাপনায় ভাঙচুর করে।
ঘটনা সম্পর্কে জানতে উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, রাত ১১টার দিকে হঠাৎ হামলা চালানো হয়। বসতঘরের দরজা–জানালা, আসবাবপত্র ও কয়েকটি ছবি ভাঙচুর হয়েছে। কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




