কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কাছে আশা’র ৫০০ কম্বল হস্তান্তর
কিশোরগঞ্জে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০টি উন্নতমানের কম্বল হস্তান্তর করেছে বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান আশা। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত আনুষ্ঠানিকভাবে এসব কম্বল গ্রহণ করেন। কম্বল হস্তান্তর করেন আশা কিশোরগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ফজলুল হক মিন্টু।
অনুষ্ঠানে আশা’র রিজিওনাল ম্যানেজার মো. মামুন আব্দুল গাইউম, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, ব্রাঞ্চ ম্যানেজার তাজউদ্দিন আহমেদ, মো. আমিনুল ইসলাম, মো. আব্দুল মজিদ, জাহানারা বেগম ও মো. ফারুক আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত আশা’র এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতার্তদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।
প্রসঙ্গত, আশা’র নিজস্ব অর্থায়নে ২০২৫ সালে সারাদেশে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার কম্বল বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।




