পাকুন্দিয়ার বাবা-ছেলে ভূমিকম্পে নরসিংদীতে নিহত
ভূমিকম্পে নরসিংদীতে মৃত্যু বাবা-ছেলের
নরসিংদী শহরে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় দেওয়াল ধসে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার এক বাবা-ছেলেকে প্রাণ হারাতে হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই মেয়ে।
নিহতরা হলেন দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) এবং তার ছেলে ওমর (৯)। আহত দুই মেয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন নরসিংদীর এনডিসির তথ্য উদ্ধৃত করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, চাকরিজনিত কারণে দেলোয়ার হোসেন পরিবারসহ নরসিংদী শহরের গাবলতি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় পাশের বাসার দেওয়াল ধসে তাদের ওপর পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেকে পাঠালে বাবা-ছেলের মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২২ নভেম্বর) সকালে গ্রামের বাড়িতে জানাজা শেষে মরদেহ দাফনের কাজ সম্পন্ন হবে।




