হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই সহোদর— নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)—এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে বাড়ির সামনের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে গরুর জন্য খড় আনতে বাড়ির পাশে যান নুরু খান। সেখানে আগে থেকেই ছিঁড়ে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ভাইকে পড়ে যেতে দেখে ছুটে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, “ছিঁড়ে থাকা বিদ্যুতের তার বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল। অসচেতনতার কারণে একসঙ্গে দুই ভাইকে হারাতে হলো। ঘটনা অত্যন্ত মর্মান্তিক।”
গ্রামজুড়ে দুই ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জরুরি ভিত্তিতে এলাকাজুড়ে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎলাইনগুলো মেরামতের দাবি জানিয়েছেন।




