নরসিংদীতে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত পাকুন্দিয়ার পিতা-পুত্রের দাফন সম্পন্ন
নরসিংদীতে ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ৯ বছরের ছেলে ওমরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের একটি বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে বাবা–ছেলের দাফন সম্পন্ন করা হয়।
দেলোয়ার হোসেন উজ্জ্বল বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার ছেলে ওমর নরসিংদীর একটি মাদরাসায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। তারা পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
পরিবার সূত্র জানায়, চাকরির কারণে দেলোয়ার পরিবার নিয়ে নরসিংদী শহরের গাবলতি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীতে ভূমিকম্প অনুভূত হলে মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকেন। ঠিক সে সময় দেলোয়ারের ভাড়া বাসার পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দেলোয়ার, তার দুই মেয়ে এবং একমাত্র ছেলে ওমর গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সরকারি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে ওমরকে মৃত ঘোষণা করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারও মারা যান।
একই ঘটনায় দেলোয়ারের দুই কন্যা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
কিশোরগঞ্জে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও শক্ত ঝাঁকুনিতে মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।




