বাজিতপুরে আগ্নেয়াস্ত্র–গুলি ও দেশীয় অস্ত্রসহ এহসানুল হুদার ২২ সমর্থক আটক
কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার ২২ জন সমর্থককে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ০৬ রাউন্ড গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার নান্দিনা এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ এহসানুল হুদার সমর্থক গোলাম সারোয়ার ভুবনসহ ২২ জনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার বিকেলে এহসানুল হুদার নেতৃত্বে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে ধানের শীষের প্রচার মিছিল বের হয়। মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে আসার পথে ফায়ার সার্ভিস মোড়, মথুরাপুর মোড়, সরিষাপুর ও হালিমপুরসহ বিভিন্ন স্থানে কয়েকটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ ওঠে।
এর জের ধরে শনিবার রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া শুরু করে এহসানুল হুদার সমর্থকরা। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করে।
বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




