সনদ সমমান ও প্রফেশনাল বিসিএস চাই: কিশোরগঞ্জে নার্সদের মানববন্ধন
ডিপ্লোমাধারী নার্স-মিডওয়াইফদের সনদ স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালুসহ আট দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)। সোমবার (২৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৪ মাস ধরে স্বাস্থ্য উপদেষ্টার দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাদের অভিযোগ, ৪৮ বছরের ঐতিহ্যমণ্ডিত স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে ভেঙে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং খাতকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং দেশের জনস্বাস্থ্য ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।
বক্তারা আরও বলেন, দেশে বর্তমানে ৩ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ১ জন নার্স রয়েছেন—যা আন্তর্জাতিক মানের সম্পূর্ণ বিপরীত। বিশ্বব্যাপী দক্ষ নার্স ও মিডওয়াইফদের চাহিদা থাকলেও নীতিমালা উন্নয়ন, কাঠামোগত সংস্কার ও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে।
নার্স-মিডওয়াইফদের উত্থাপিত আট দফা দাবি
১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ বাতিল এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
২. প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন।
৩. ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চতর পদে ভূতাপেক্ষ প্রমোশন ও সুপারনিউমেরারি পদোন্নতি।
৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টর পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ।
৫. ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালু।
৬. বেসরকারি স্বাস্থ্য ও নার্সিং-মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন, এবং ভুয়া ও অপ্রশিক্ষিত নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
৭. ঝুঁকিভাতা চালু এবং পূর্ববর্তী সরকারের চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল।
৮. শয্যা–রোগী–চিকিৎসক অনুপাতে পর্যাপ্ত নার্স-মিডওয়াইফ নিয়োগ ও নতুন পদ সৃষ্টি।
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।





