পাকুন্দিয়ায় পিকআপ–সিএনজি সংঘর্ষে আহত ৭
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর–কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ার কৌদালিয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি নিজের সরকারি গাড়িতে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যানচলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গার্মেন্টসের ঝুট কাপড় বহনকারী একটি পিকআপ কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে কিশোরগঞ্জ থেকে গাজীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় শিশুসহ ৬–৭ জন যাত্রী ছিলেন। পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শী আলামিন বলেন, “অটোরিকশাটি আমাদের সামনের গাড়ি ছিল। হঠাৎ দেখি পিকআপ এসে সিএনজিটিকে ধাক্কা দিল। প্রায় ৭ জনের মতো গুরুতর আহত হয়। তাৎক্ষণিক কোনো গাড়ি না থাকায় ওসির গাড়িতে করেই কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।”
পাকুন্দিয়া থানার পরিদর্শক মশিউর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি সবার অবস্থাই গুরুতর। ওসি স্যার নিজেই আহতদের হাসপাতালে পাঠিয়েছেন। এখনো কারো পরিচয় পাওয়া যায়নি।”




