হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা হোসেনপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশীদ, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, হোসেনপুর উপজেলা মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সমন্বয়ক ও দৈনিক দিনকাল প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, লেখক ও কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন, সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর এনসিপি প্রধান সমন্বয়কারী মো. জাকির হোসেন এবং জুলাই যোদ্ধা মোস্তাক আহমেদ রাব্বী প্রমুখ।
এ সময় সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে তাদের নিরাপত্তা, স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক সমর্থন প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা এবং হোসেনপুর উপজেলার মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলেন।




