কিশোরগঞ্জ মটরযান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ফল ঘোষণা
কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ৩০ নভেম্বর রবিবার বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার মো. মাজহারুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৩ হাজার ৯৩৬ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৩৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৯৩টি ভোট বাতিল ঘোষণা করা হয়। ১০টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৫৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে ৪ প্রার্থীর মধ্যে মো. হাবিবুর রহমান (খেজুর গাছ প্রতীক) ১,২৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন (চেয়ার প্রতীক) পান ১,২১৮ ভোট।
কার্যকরী সভাপতি পদে শাহাদাৎ হোসেন মন্টু (চাকা প্রতীক) ১,৭৫৫ ভোট পেয়ে জয়ী হন। সহ-সভাপতি পদে দিনু মিয়া (উড়োজাহাজ প্রতীক) ১,৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মো. উজ্জ্বল (ছাতা প্রতীক) ৯০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতর প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম (হরিণ প্রতীক) পান ৮৫৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে আজিজুল হাকিম (ময়ূর প্রতীক) ১,২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে আনিসুজ্জামান (আনারস প্রতীক) ১,৫৪১ ভোট পেয়ে বিজয়ী হন।
সাংগঠনিক সম্পাদক পদে তাজুল ইসলাম (মোমবাতি প্রতীক) ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে সাইফুল ইসলাম (বাস প্রতীক) ১,৫৩৭ ভোট এবং প্রচার সম্পাদক পদে আরিফুর রহমান রনি (কাপ প্লেট প্রতীক) ৬৯২ ভোট পেয়ে জয়লাভ করেন।
নির্বাহী সদস্য পদে ১৪ প্রার্থীর মধ্যে মো. শহিদুল ইসলাম জুয়েল (তারা প্রতীক) ১,২২৮ ভোট, মো. কবীর মিয়া (হাতুড়ি প্রতীক) ১,১৫১ ভোট, মো. কাঞ্চন মিয়া (কাঁচি প্রতীক) ১,০২৫ ভোট এবং মো. সবুজ মিয়া (টিউবওয়েল প্রতীক) ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. শহিদ মিয়া, সাবেক সহ-সভাপতি আব্দুস ছাত্তার এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলমগীর কবির।
প্রধান নির্বাচন কমিশনার জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রায় ১৩ ঘণ্টার প্রচেষ্টায় নির্ভুল ফলাফল ঘোষণা করা হয়েছে। তিনি বিজয়ী-পরাজিত প্রার্থী, সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সুন্দর নির্বাচন সম্পন্ন করার জন্য।




