বৌলাই ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছয়না এলাকার মাদরাসা আমের বিন ফুহাইরা (রা.) সংলগ্ন ছয়না জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে যোগ দেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-০১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আজ আমরা যে মহীয়সী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, তিনি সারাজীবন দেশ, দেশের মানুষ ও শান্তি-সম্প্রীতির জন্য কাজ করে গেছেন। আজ তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত সুস্থতা কামনা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “বেগম জিয়া সর্বদাই আলেম-উলামাদের পাশে ছিলেন, ধর্মপ্রাণ মানুষের পক্ষেই দাঁড়িয়েছেন। ফ্যাসিবাদী আমলে ৫ই মে শাপলা চত্বরের ঘটনায় তিনি স্পষ্ট অবস্থান নিয়েছিলেন, যদিও তখন কেউই যৌথবাহিনীর সামনে দাঁড়াতে পারেনি।”
দোয়া মাহফিলে মাদরাসার ছাত্র, মসজিদের মুসুল্লি, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শেষে মাদরাসার ছাত্র, এতিমখানার শিশু ও মুসুল্লিদের মধ্যে মিলাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল আমিন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম মোল্লা, বৌলাই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সহ-সভাপতি আবু হানিফসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




